নিউইয়র্ক-সিলেট সরাসরি বিমান চলাচল চালুর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী ও সিলেটের প্রবাসী কমিউনিটির নেতারা। তাঁদের দাবি, লন্ডন-সিলেট এবং টরন্টো-ঢাকা সরাসরি ফ্লাইট চলাচল করতে পারলে নিউইয়র্ক-সিলেট রুটেও সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব।
সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী জহিরুল রুহেল চৌধুরী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কবি ও লেখক এবং হাওর অঞ্চলবাসীর সমন্বয়কারী খালেদ সানোয়ারের পরিচালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জহিরুল রুহেল চৌধুরী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লন্ডন থেকে সপ্তাহে ছয় দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চলাচল করছে। একইভাবে কানাডার টরন্টো থেকেও ঢাকায় সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফলে নিউইয়র্ক-সিলেট রুটে সরাসরি বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হলে প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
তাঁরা বলেন, একসময় নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ছিল। পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালু হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটবাসীর দেশে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি রেমিট্যান্স, বিনিয়োগ, কর্মসংস্থান ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
জহিরুল রুহেল চৌধুরী বলেন, দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে একসময় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর সময়ে নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের সঙ্গে দেশের অর্থনৈতিক যোগাযোগ আরও জোরদার হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নিউইয়র্ক-সিলেট সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসীদের দেশে আসা-যাওয়া আরও বাড়বে। এতে দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও পর্যটন শিল্প উপকৃত হতে পারে।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের সম্পদ ও নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের প্রতি টান থেকে দেশে এসে বাড়িঘর ও স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করেন। তাঁদের জায়গাজমি যাতে বেদখল না হয় এবং দেশে অবস্থানকালে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে ঢাকাস্থ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আলহাজ আমির আলী এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শ্রমিক নেতা আব্দুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জহিরুল রুহেল চৌধুরী।

