জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনের আগে নির্বাহী পদে পদোন্নতির ভাইভা গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের একটি অংশ। একই সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সশরীরে ভাইভা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কর্মকর্তাদের দাবি, ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদিত হওয়ার আগে পদোন্নতি প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া হলে ভবিষ্যতে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই অর্গানোগ্রাম অনুমোদনের পর সুস্পষ্ট কাঠামোর ভিত্তিতে ভাইভা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।
জানা যায়, জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম-২০২৫ পরিচালনা পর্ষদের অনুমোদনের পর ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছিল। তবে আগস্ট ২০২৬ পর্যন্ত সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সময়ে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশোধিত অর্গানোগ্রাম অনুমোদনের পর পদোন্নতি দেয়া হয়েছে।
এ অবস্থায় জনতা ব্যাংকের নির্বাহী পদে পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের একটি অংশের প্রশ্ন-অর্গানোগ্রাম চূড়ান্ত না করে পদোন্নতির ভাইভা গ্রহণ করলে অনুমোদিত সাংগঠনিক কাঠামোর সঙ্গে পরবর্তী পদোন্নতির সামঞ্জস্য কীভাবে নিশ্চিত করা হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, “আমরা পদোন্নতি প্রক্রিয়ার বিরোধিতা করছি না। বরং অর্গানোগ্রাম অনুমোদন করে একটি সুস্পষ্ট ও স্বচ্ছ কাঠামোর মধ্যে পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমরা ভার্চুয়াল নয়, সশরীরে উপস্থিত হয়ে ভাইভা দেওয়ার সুযোগ চাই।”
তাদের আরও দাবি, সশরীরে ভাইভা হলে প্রার্থীদের পরিচয় যাচাই, বোর্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো সহজে নিরসন করা সম্ভব হবে।
কর্মকর্তারা জানান, অর্গানোগ্রাম অনুমোদন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান না পাওয়া পর্যন্ত প্রস্তাবিত ভাইভা প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এ বিষয়ে তারা জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতি জট নিরসনের দাবি নিয়ে এর আগেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। সংগঠনটি ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখে শাপলা চত্বরে প্রেস মানববন্ধনে অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবি জানায়; ২৯ আগস্টে ও জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধনে একই দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনতা ব্যাংকের অর্গানোগ্রামের প্রস্তাব পাঠানোর পর থেকেই সংগঠন টি দ্রুত অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অনুমোদনের ডেডলাইন দিলেও অনুমোদন দেয়া হয়নি।
জানা যায় জনতা ব্যাংকের এজিএম ও ডিজিএম পদে পদোন্নতি দিতে ব্যাংকটি দ্রুত ভাইভা বোর্ডে অংশ গ্রহনের জন্য পদোন্নতি প্রত্যাশীদের ডাকবে।
নাম প্রকাশ না করার শর্তে এক পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তা বলেন অন্যান্য ব্যাংক ভাইভা বোর্ডে অংশ গ্রহন করার নোটিশ কমপক্ষে ১ সপ্তাহ আগে জানিয়ে দেয়, কিন্ত জনতা ব্যাংক অতি গোপনে এই কাজটি করার রহস্য অজানা।
অন্য এক কর্মকর্তা জানান, গত বছর ৩৩ জন এজিএম পদে সুপারনিউমেরারী পদ সমন্বয়ের কারণে অল্প কয়েকটি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।এই বছর অর্গানোগ্রাম অনুমোদনের আগেই তড়িঘড়ি করে পদোন্নতি দিলে আমরা ভাইভা দিয়ে কোন লাভ হবে না। তাদের অভিযোগ পূর্ব নির্ধারিত প্রার্থীদের পদোন্নতি দিতে এই ভাইভা বোর্ডের আয়োজন।কর্মকর্তাদের দাবি অর্গানোগ্রাম অনুমোদনের পর সরাসরি ভাইভা বোর্ডে অংশ গ্রহন করার উদ্যোগ নিতে হবে।

