ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ঢাকা

menu

শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সংকটে যত্রতত্র শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না: মুহাম্মদ আব্দুল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৭:৩৭ পিএম

গ্যাস সংকটে যত্রতত্র শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না: মুহাম্মদ আব্দুল করিম

ছবি সংগৃহীত

গ্যাস সংকট ও জ্বালানি সমস্যার অজুহাতে দেশের বিভিন্ন শিল্পকারখানায় যত্রতত্র শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম।

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক পর্যন্ত মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম বলেন, রাষ্ট্রীয় শিল্পকারখানা বেসরকারিকরণের নামে বিপুলসংখ্যক শ্রমিককে কর্মহীন করে দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দফায় দফায় জ্বালানির দাম বাড়ানোর কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় শ্রমিক সমাজের মধ্যে হতাশা বাড়ছে।

তিনি বলেন, গ্যাস সংকটের এখনো স্থায়ী সমাধান হয়নি। দেশের বিভিন্ন স্থানে শ্রমিক ছাঁটাই চলছে। এর ফলে লাখ লাখ শ্রমিক কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতেও মন্দা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দূরদর্শী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

চা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়ায় তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে শ্রমিক কার্ড চালু করতে হবে এবং টিসিবির সুবিধা সব শ্রমিকের জন্য উন্মুক্ত করতে হবে। শ্রমিকরা যাতে ওই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, মব সংস্কৃতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান শ্রমিক মজলিসের এ নেতা।
ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক মজলিসের সভাপতি খালেদ সানোয়ারের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর উত্তর সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন, সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসমাইল খন্দকার, ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

কেন্দ্র ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আতাউর হক, ডাক্তার আবু বকর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আওয়াজ নিউজ

banner
Link copied!