ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

‘জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচনের চিত্র দেখেই শঙ্কিত’

জেলা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৮:৪৯ পিএম

‘জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচনের চিত্র দেখেই শঙ্কিত’

ডা. মোঃ শফিকুর রহমান-জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত দুটি উপনির্বাচনের চিত্র দেখে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডা. মোঃ শফিকুর রহমান। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “জাতীয় নির্বাচনের পর যে দুটি উপনির্বাচন হয়েছে, তার চিত্র দেখেই আমরা শঙ্কিত। এভাবে চলতে থাকলে স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন-পূর্ব সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কোনো চুক্তি সম্পর্কে তৎকালীন সরকার তাদের কিছু জানায়নি। একই সঙ্গে সরকারি দল ও বিরোধী দলের সমন্বয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়ে তিনি বলেন, এতে জনগণের আস্থা বাড়বে।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে এবং সেখানে চরিত্রহননের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, “একসময় কেউ ভাবেনি জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এখন অনেকেই তা স্বীকার করছে।” এ সময় দলীয় নেতাকর্মীদের লেনদেন ও আচরণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “যেদিন জনগণের আস্থা তৈরি হবে যে দেশ, জাতি ও দ্বীন আমাদের কাছে নিরাপদ—সেদিন সব ঘাট এক জায়গায় মিলবে। এজন্য আমাদের নিজেদের আচরণে স্বচ্ছতা আনতে হবে।”

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলকে উপেক্ষা করে দেশের অগ্রগতি সম্ভব নয়। তিস্তা চুক্তির বিষয়ে দল আন্তরিক থাকবে উল্লেখ করে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের দিকে এখন দুটি সার্চলাইট তাক করা—একটি আল্লাহ তাআলার, আরেকটি জনগণের। দুটোকেই সম্মান করতে হবে। আপনারা সাদা কাপড়ের মতো—সামান্য দাগও স্পষ্ট হয়ে ওঠে।”

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালসহ অন্যান্য নেতারা।

এর আগে সকালে একদিনের সফরে রংপুরে পৌঁছান জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে অংশ নেন এবং জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন করেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আওয়াজ নিউজ

banner
Link copied!