ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

মহান মে দিবসে বাংলাদেশ আমজনগণ পার্টির র‍্যালি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:৫২ পিএম

মহান মে দিবসে বাংলাদেশ আমজনগণ পার্টির র‍্যালি 

আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক মহান মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টন এলাকার ৩৭/২ কালভার্ট রোডে ফায়েনাজ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম। তিনি বলেন, “শ্রমিকদের সুখ-দুঃখের কথা শোনা এবং তাদের পাশে দাঁড়ানোতে বাংলাদেশ আমজনগণ পার্টি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা সভা শেষে শ্রমিকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় দলের সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!