ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ১২:২১ এএম

যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

ছাত্রদল লোগো

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সংগঠনটির শীর্ষ পাঁচ নেতা। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটির বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। ফলে খুব শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্বের ঘোষণা আসতে পারে।

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক হন। পরে ওই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসাবে রাকিব-নাছির নেতৃত্বাধীন কমিটির মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা ও পদপ্রত্যাশীদের তৎপরতা বাড়ে।

দলীয় সূত্র বলছে, নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাকিব-নাছির নেতৃত্বের অবসান ঘটবে। তাদের সময়ে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে বিপুলসংখ্যক কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের কাছে সংগঠনকে আরও সক্রিয় ও শিক্ষার্থীকেন্দ্রিক করার প্রত্যাশা রয়েছে বিএনপির নীতিনির্ধারকদের।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান। তিনি বিদায়ী নেতাদের অবদানের প্রশংসা করার পাশাপাশি নতুন প্রজন্মকে নেতৃত্বে সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন।

বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিদায়ী নেতাদের মূল দলে যুক্ত হয়ে রাজনীতিতে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা নেতাদের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

ছাত্রদলের পদপ্রত্যাশী কয়েকজন নেতা মনে করেন, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।

বৈঠকে বিদায়ী নেতারাও কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন। দল ভবিষ্যতে যে দায়িত্ব দেবে, তা যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ছাত্রদল দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির সাংগঠনিক কাঠামোতে নতুন গতি আনার উদ্যোগের অংশ হিসেবেই ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আওয়াজ নিউজ

banner
Link copied!