ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

প্রথম টেস্টে সর্বোচ্চ উইকেট, দ্বিতীয় ম্যাচেই একাদশেই নেই!

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১২:৫৮ পিএম

প্রথম টেস্টে সর্বোচ্চ উইকেট, দ্বিতীয় ম্যাচেই একাদশেই নেই!

মোহাম্মদ আব্বাস

প্রথম টেস্টে দুই দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ আব্বাস। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে তাকে না দেখে অনেকেরই ধারণা ছিল, হয়তো ইনজুরিতে পড়েছেন এই পেসার। তবে সেই ধারণা উড়িয়ে দিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ইনজুরি নয়—শুধু কন্ডিশনের কারণেই একাদশের বাইরে রাখা হয়েছে আব্বাসকে।

শুরুতে ধারণা করা হয়েছিল, হয়তো ইনজুরির কারণেই খেলতে পারেননি আব্বাস। তবে টসের সময় ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপকালে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেই ধারণা নাকচ করে দেন। তিনি বলেন, আব্বাসের বাদ পড়ার পেছনে কোনো চোটের বিষয় নেই, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কেবল কন্ডিশন বিবেচনায়। বাবরের ভাষায়, ‘এটা (বাদ দেওয়া) কন্ডিশনের কারণে।’

পোর্ট অব স্পেনের উইকেট তুলনামূলক ধীরগতির। যদিও এমন উইকেটে আব্বাসের পারফরম্যান্স অতীতে বেশ ভালো। সংযুক্ত আরব আমিরাতে তিনি ১৭.৫৫ গড়ে ২৭ উইকেট নিয়েছেন। এছাড়া ২০২৪ সালে জাতীয় দলে ফেরার পর থেকে পাকিস্তানের সবচেয়ে সফল পেসারও তিনি। পাঁচ টেস্টে তার শিকার ২৮ উইকেট, গড় ২০.৩২।

তারপরও চারটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। স্পিন বিভাগকে শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে সাজিদ খানকে। অভিষেক হয়েছে পেসার উবাইদ শাহর। অলরাউন্ডার আমের জামালের জায়গায় সুযোগ পেয়েছেন আওয়াইস জাফর। আর চোটের কারণে শান মাসুদ না খেলায় একাদশে ফিরেছেন আবদুল্লাহ শফিক।

যদিও পাকিস্তানের এই পরিবর্তিত বোলিং আক্রমণকে শুরু থেকেই চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের ৭৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে স্বাগতিকরা। ব্রান্ডন কিং ৪ রানের জন্য ফিফটি মিস করে ৪৬ রান করেন। জাস্টিন গ্রিভস ৬৪ রানে অপরাজিত আছেন, তার সঙ্গে ৩৬ রানে দিন শেষ করেছেন রোস্টন চেজ।

এ ছাড়া শাই হোপ ২৯, আমির জাঙ্গু ২৬, তেজনারায়ণ চন্দরপল ১৫ এবং কাভেম হজ ১০ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আলী দুটি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন উবাইদ শাহ, উসমান এবং সাজিদ খান।

আওয়াজ নিউজ

banner
Link copied!