দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর নবনিযুক্ত উপাচার্য। শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
নতুন উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত, আধুনিক, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমি শূন্য থেকে শুরু করতে চাই, কিন্তু পরিপূর্ণ হয়ে ফিরতে চাই। আপনাদের সহযোগিতা ও সহায়তা পেলে আমি সফল হতে পারবো বলে বিশ্বাস করি। কারণ আমি কেবল একটি মাধ্যম, বাস্তবায়নের মূল দায়িত্ব আপনাদের সবার।”
দায়িত্ব গ্রহণের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, নজরুল ভাস্কর্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও প্রশাসনিক কাঠামো নিয়েও কথা বলেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব সিস্টেম রয়েছে। প্রত্যেকের দায়িত্বের যেমন সীমাবদ্ধতা আছে, তেমনি বিস্তৃত ক্ষেত্রও আছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে পুরো ব্যবস্থাই স্বয়ংক্রিয়ভাবে সুন্দরভাবে চলবে।”
হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি আরও বলেন, “কোনো প্রয়োজন ছাড়া শুধু আমাকে সালাম দিতে অফিসে আসার দরকার নেই। মনে মনে সালাম দিলেও আমি পেয়ে যাবো।”
এর আগে, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।সরকারী সংবাদ
নিয়োগের আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৬ সালের ১৪ মে তাকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

