ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

রূপনগরে মুসল্লি ও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা জানাল জামায়াত

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১১:৪৩ এএম

রূপনগরে মুসল্লি ও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা জানাল জামায়াত

ছবি সংগৃহীত

রাজধানীর রূপনগরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভার প্রস্তুতিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৯ জুন শুক্রবার রাজধানীর রূপনগর থানার সেকশন-৬ এলাকায় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভার প্রস্তুতির সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার ভিন্নমতের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে সভা-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও বাধা প্রদানের মাধ্যমে সেই অধিকার খর্ব করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জামায়াত নেতা রূপনগর ও পল্লবী এলাকায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

আওয়াজ নিউজ

banner
Link copied!