ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১২:৪২ পিএম

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

ছবি সংগৃহীত

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে দেশের বিভিন্ন কেন্দ্রে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার এই পরিসংখ্যান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২.০১ শতাংশ।

প্রথম দিনে সাধারণ বোর্ডের অধীনে অসদুপায় অবলম্বনের জন্য ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বোর্ডভিত্তিক উপস্থিত ও অনুপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে—৩ হাজার ৯৭১ জন (অনুপস্থিতির হার ১.৫৮ শতাংশ)। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন (২.২১ শতাংশ), কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন (১.৯১ শতাংশ), যশোরে ২ হাজার ৭৮ জন (২.৩৯ শতাংশ), চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন (১.৪৩ শতাংশ), সিলেটে ১ হাজার ১২৭ জন (১.৯৪ শতাংশ), বরিশালে ১ হাজার ৩৪৬ জন (২.৫৬ শতাংশ), দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন (২.১৩ শত্রুর) এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন (২.০৫ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ কুরআন মাজীদ পরীক্ষায় মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬০টি কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী, যেখানে অনুপস্থিতির হার ৫.২৬ শতাংশ। এই বোর্ডে নকলের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১১টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন শিক্ষার্থী, যার শতকরা হার ৩.৬৭ শতাংশ। কারিগরি বোর্ডেও অসদুপায় অবলম্বনের জন্য ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে।

সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২০ জন।

আওয়াজ নিউজ

banner
Link copied!