বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন ও ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি সম্পর্কে অবহিত হন মার্কিন ট্রেজারি কর্মকর্তারা। এ সময় তাঁরা বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
পাশাপাশি সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি, বিনিময় হার এবং ব্যাংকিং খাতের সংস্কারসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন মার্কিন ট্রেজারি কর্মকর্তারা।

