একীভূত পাঁচটি ব্যাংকের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এর মধ্য দিয়ে একীভূত পাঁচ ব্যাংকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে নতুন এই ব্যাংকটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান ব্যাংকটির দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেমও সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর সুশাসন নিশ্চিত করা, শরিয়াহ নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং সাধারণ মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

