সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে (৭৭) সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন। সম্প্রতি গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি দল তার অবস্থান শনাক্ত করে। এরপর ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সশস্ত্র বাহিনী বিভাগকে (আর্মড ফোর্সেস ডিভিশন) অবহিত করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি প্রতিনিধিদলের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

