ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শহরের ক্লেইরমন্ট এলাকায় একটি ইসলামিক সেন্টার ও মসজিদে গুলির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ভুক্তভোগী এবং হামলায় জড়িত দুই কিশোরও রয়েছে।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণ সশস্ত্র অবস্থায় ইসলামিক সেন্টার প্রাঙ্গণে প্রবেশ করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে কাছাকাছি একটি গাড়ি থেকে ওই দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়—ধারণা করা হচ্ছে, তারা নিজেদের অস্ত্রেই প্রাণ নেয়।

যে ইসলামিক সেন্টারে হামলা হয়েছে, সেটি ইসলামিক সেন্টার অব সেন্টিয়াগো নামে পরিচিত এবং সেখানে একটি মসজিদের পাশাপাশি শিশুদের জন্য একটি ইসলামিক স্কুলও রয়েছে। হামলার সময় শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিল। আতঙ্কের মধ্যে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে লকডাউন করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ‘বিদ্বেষপ্রসূত অপরাধ’ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে জানা গেছে, হামলার আগে এক সন্দেহভাজনের মা পুলিশকে জানান, তার ছেলে অস্ত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে এবং তার আচরণ উদ্বেগজনক।

ঘটনায় নিহতদের একজন ছিলেন মসজিদের নিরাপত্তারক্ষী, যিনি হামলা প্রতিরোধের চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, তার সাহসিকতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ফেডারেল ব্যুারো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তারা জনগণের কাছ থেকেও তথ্য চেয়েছে।

এদিকে, Gavin Newsom এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়ে এমন সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। তবে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি থেকে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আওয়াজ নিউজ

banner
Link copied!