যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকালে ঢাকায় অবতরণের পর স্বজনরা মরদেহ গ্রহণ করেন এবং সেখান থেকে নিজ জেলা জামালপুরের উদ্দেশে রওনা দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। লিমনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

