ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোরে আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। শনিবার সকাল ছয়টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ সেখানে জড়ো হয়ে ব্যানার প্রদর্শন ও সরকারবিরোধী স্লোগান দেয়। সংক্ষিপ্ত সময়ের এ মিছিল শেষে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে করে স্থান ত্যাগের চেষ্টা করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে গাড়িটি আটক করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেলকে আটক করা হয়।
ঢাবির প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না এবং কার নির্দেশে মিছিলটি সংগঠিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

