চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার রুখতে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে নোটিশ বোর্ডে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা চলাকালীন এবং পরবর্তী সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যেকোনো ধরণের গুজব, প্রশ্ন ফাঁসের অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য মনিটরিংয়ের জন্য একটি বিশেষ সাইবার মনিটরিং সেল গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাবে তাদের বিরুদ্ধে সিটিটিসি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়ের করার জন্যও অনুরোধ করা হয়েছে।
উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এই আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

