রোমানিয়ায় বৈধভাবে প্রবেশ করার পর বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং-৩২, যা অফিসিয়াল গেজেট নং-৩৩৫-এ প্রকাশিত হয়েছে, তার রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ-৫২ অনুযায়ী নন-ইইউ দেশগুলোর নাগরিকদের জন্য এই সুযোগ রাখা হয়েছে।
নতুন বিধানের আওতায়, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে নানা জটিলতায় অবৈধ হয়ে পড়েছেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নিজেদের অবস্থান আবার বৈধ করতে পারবেন।
দূতাবাস জানায়, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় যাওয়ার পর নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরি দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পেলে তারা অবৈধ হয়ে পড়েন।
এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগদাতা কর্মীদের বেতন থেকে কর কেটে রাখলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না। আবার কেউ কেউ সময়মতো বা সঠিকভাবে টিআরসি (টেম্পোরারি রেসিডেন্স কার্ড) আবেদন সম্পন্ন না করায় কর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ অবস্থায় চলে যান।
এমন পরিস্থিতিতে বৈধভাবে রোমানিয়ায় গিয়ে পরে অবৈধ হয়ে পড়া কর্মীদের দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের আবেদন করতে হবে।
তবে এই সুবিধা পেতে হলে কর্মীদের নতুন এবং বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, যেহেতু এটি নতুন একটি প্রক্রিয়া, তাই শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন কিংবা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন না।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এই বিশেষ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

