পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় তারা পাবনায় এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ রোড হয়ে বাণী সিনেমা হল অতিক্রম করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস. এম. আদনান উদ্দিন এবং পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হারুন অর রশীদ বাদশাসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (১০ জুলাই) পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে অনুষ্ঠিত সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন।
তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি পাবনায় এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস. এম. আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরু এবং আটঘরিয়া উপজেলা জাসাসের সদস্যসচিব ফয়সাল আবু জারসহ অন্যান্য নেতারা।

