ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

জঙ্গল সলিমপুরসহ সন্ত্রাসীদের সব আস্তানা উচ্ছেদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

জঙ্গল সলিমপুরসহ সন্ত্রাসীদের সব আস্তানা উচ্ছেদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

জঙ্গল সলিমপুরসহ দেশে সন্ত্রাসীদের কোনো নিরাপদ আস্তানা থাকতে দেয়া হবে না এবং তাদের নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ বিষয়ে নেয়া পদক্ষেপ খুব শিগগিরই দৃশ্যমান হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে। বিষয়টি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়ন মহামারির আকার নিয়েছিল। জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন এলাকাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

মন্ত্রী জানান, যৌথ অভিযানে সেখানে বিপুল অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তাদের দুঃসাহস বরদাশত করা হবে না।”

তিনি আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ছোটখাটো গোলাগুলির ঘটনা ঘটলেও তা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে। জাতীয়ভাবে উদ্বেগ তৈরির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব প্রসাথে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মাবলম্বীর নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের তথ্য দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তথ্য দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে জঙ্গল সলিমপুরে র‍্যাবের নতুন ক্যাম্প স্থাপনের সময় হামলার ঘটনা প্রসাথে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, হামলাকারীদের শক্তি র‍্যাবকে ‘ওভার পাওয়ার’ করার মতো নয়। তবে মনিটরিংয়ে কিছু দুর্বলতা ছিল বলে স্বীকার করেন তিনি।

তিনি বলেন, “এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কোনোভাবেই সেখানে পুনরায় অবস্থান নিতে পারবে না।”

আওয়াজ নিউজ

banner
Link copied!