ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

দেশ পুনর্গঠন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:৩৮ এএম

দেশ পুনর্গঠন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। জনগণের সমর্থন নিয়ে বিএনপি দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বলেও তিনি মন্তব্য করেন। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন করা। সে উদ্দেশ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, গৌরনদীতে ৬০০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। নতুন অর্থবছরের বাজেটেও এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে।

তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ছেলে-মেয়েদের সমানভাবে এগিয়ে যেতে হবে। এজন্য মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফল করবে, তাদের বৃত্তির ব্যবস্থাও করা হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায় সরকার। সবাই ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, “সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। জনগণ বিএনপির সঙ্গে আছে, আর জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

আওয়াজ নিউজ

banner
Link copied!