ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

আইনজীবী  আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৫০ পিএম

আইনজীবী  আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ

ফাইল ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মামলাটিতে তার করা জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন উপস্থাপন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

 

মামলার নথি পর্যালোচনা ও উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। এর ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

 

এর আগে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর নিম্ন আদালতে জামিন আবেদন করা হলেও তা নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

 

মামলাটি নিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। এ সময় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা।


 

পরে তার বাবা একটি হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধার, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়।

আওয়াজ নিউজ

banner
Link copied!