আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ বিজয়ের মুকুট উঠেছে বাংলাদেশের প্রতিনিধি তমা রশিদের মাথায়। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে রোববার (২৬ এপ্রিল) বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
প্রায় ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই আসরে বাংলাদেশের জন্য শিরোপা এনে দিলেন তমা। তার এই অর্জনকে দেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মুকুট জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে তমা বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজয়ী হওয়া তার জন্য অত্যন্ত আনন্দের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় অনুভূতিটা আরও বিশেষ বলে জানান তিনি।
তিনি বলেন, বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই ছিল বেশ কঠিন। বিশেষ করে চূড়ান্ত পর্বে ভারতের প্রতিযোগীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলেও উল্লেখ করেন তমা।
নিজের সাফল্যের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তমা জানান, কস্টিউম, ক্যাটওয়াক এবং কুইজ রাউন্ডে ভালো পারফরম্যান্স তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। তার বিশ্বাস, এসব ধাপেই তিনি বিচারকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।
বর্তমানে তমা থাইল্যান্ডে অবস্থান করছেন। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে আবারও উপস্থাপনার কাজে মনোযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তমা।

