ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু বিআরবি ক্যাবসের

আওয়াজ ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৮:০২ পিএম

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু বিআরবি ক্যাবসের

ছবি সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক তার ও ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

এই প্রক্রিয়া পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট সেবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৪ মে রোববার কুষ্টিয়ায় অবস্থিত বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় ও উৎপাদন কেন্দ্রে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি ক্যাবলের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তির আওতায় আইসিবি ক্যাপিটাল বিআরবি ক্যাবলকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পরামর্শ, আর্থিক বিশ্লেষণ, ডকুমেন্টেশন এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসংক্রান্ত কার্যক্রমে সহায়তা করবে।

তবে আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি কত অর্থ সংগ্রহ করবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোম্পানির আর্থিক হিসাব-নিকাশ ও সম্পদের মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর মূলধন উত্তোলনের পরিমাণ নির্ধারণ করা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশের অবকাঠামো ও বিদ্যুৎ খাতের সম্প্রসারণের কারণে ক্যাবল শিল্পের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিআরবি ক্যাবলের পুঁজিবাজারে আগমন বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে ক্যাবল খাতের দুটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো ইস্টার্ন ক্যাবলস এবং বিবিএস ক্যাবলস। বিআরবি ক্যাবল তালিকাভুক্ত হলে খাতটিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আওয়াজ নিউজ

banner
Link copied!