পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের স্বর্ণবাজারে ফের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়।
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে গত শনিবার একই পরিমাণে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল সোনার দাম। অল্প সময়ের ব্যবধানে এমন ওঠানামায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

