সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) দিনব্যাপী এ আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা ও আড্ডায় পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম।
স্বাগত বক্তব্য দেন রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহেদ মোস্তফা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক (অব.) লিয়াকত পারভেজ, বাগেরহাট পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবিব, সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী এবং সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক ও শরীফ উল্লাহসহ অনেকে।
রিইউনিয়নের বিশেষ আকর্ষণ ছিল বিভাগের এক অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রদান। এ সময় তার হাতে প্রায় ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিইউনিয়ন উদযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ ও কুহেলীসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

