ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ঢাকা

menu

সাইফউদ্দিনের ব্যাটে বলের সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৯:০৭ পিএম

সাইফউদ্দিনের ব্যাটে বলের সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে বলের দাপটে সিরিজে সমতা ফেরল বাংলাদেশ । জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে জয় পেয়েছে টাইগাররা। দলের জয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ব্যাট হাতে মাত্র ১০ বলে ৪টি ছক্কা আর এক চারের সাহায্যে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর বল হাতে শিকার করেন ১ উইকেট।

দলের জয়ে জোড়া ফিফটি হাঁকান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের টার্গেট তাড়ায় ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ।

আজ ৩৪ রানের জয়ে সিরিজে সমতায়। রোববার হবে সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ জয়ের স্বাদ পাবে।

আজ শুক্রবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তারা দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ (১২০) রানের জুটি গড়েন।

এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।

১৬.৫ ওভারে ১৪১ রানে ৫ উইকেট পতনের পর; মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফউদ্দিন ও ইয়াসির আলি। তাদের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। মাত্র ১০ বল খেলে চারটি ছক্কার সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ বলে তিন চার আর এক ছক্কায় ২২ রান করেন ইয়াসির আলি।  

টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা। তারপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
 

আওয়াজ নিউজ

banner
Link copied!