২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া ১৪ দলের টুর্নামেন্টে যুক্ত হচ্ছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার সেভেন’ নামে দুটি নতুন পর্ব।
এডিনবরায় আইসিসির বার্ষিক সম্মেলনের পর বুধবার নতুন কাঠামোর ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টের শুরু থেকেই ম্যাচের গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
নতুন ফরম্যাট অনুযায়ী, যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে ১২তম থেকে ১৪তম স্থানে থাকা তিন দল প্রথমে ‘সুপার সিরিজ’ পর্বে খেলবে। রাউন্ড রবিন পদ্ধতির এই পর্ব থেকে মাত্র একটি দল মূল গ্রুপ পর্বে জায়গা পাবে।
এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে ‘সুপার সেভেন’ পর্বে। তাদের সঙ্গে দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দলটিও জায়গা পাবে শেষ সাতে।
সুপার সেভেনে সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। এই পর্বের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে।
এর আগে ২০২৭ বিশ্বকাপে সাত দল করে দুটি গ্রুপ এবং পরে ‘সুপার সিক্স’ পর্ব আয়োজনের পরিকল্পনা ছিল। তবে গুরুত্বহীন ম্যাচ বা ‘ডেড রাবার’ বেড়ে যাওয়া এবং দর্শক উপস্থিতি কমে যাওয়ার শঙ্কায় ফরম্যাট পুনর্বিন্যাস করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ধাপে ম্যাচের ফলের গুরুত্ব বাড়ানোই নতুন কাঠামোর মূল লক্ষ্য। বিশেষ করে প্রথম দুই রাউন্ডে দলগুলোর ওপর বাড়তি চাপ ও বাদ পড়ার ঝুঁকি থাকবে।
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০ দল। তবে ২০২১ সালে বিশ্বকাপকে ১৪ দলে সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ আসরে ১৪ দলই অংশ নেবে।
বিশ্বকাপের চূড়ান্ত কাঠামো ও পূর্ণাঙ্গ সূচি আগামী সেপ্টেম্বরে আইসিসির সভায় নিশ্চিত হওয়ার কথা। ম্যাচ বণ্টনের বর্তমান পরিকল্পনায় নামিবিয়ায় তিনটি, জিম্বাবুয়েতে আট থেকে ১০টি এবং বাকি ৪১টি ম্যাচ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।
বর্তমান নিয়মে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। বাকি চার দল নির্ধারিত হবে ১০ দলের বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে।

