বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাই তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান প্রথমপত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা প্রথমপত্র (বিষয় কোড- ১২১) বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, সেসব পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ২৪ আগস্ট পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

