সারা দেশেআজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ ৫৭ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী। সেই হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৭৯ হাজার।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধিত প্রায় ১৮ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে ১৪ লাখ ৪৮ হাজার। অর্থাৎ প্রায় ৪ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী বিভিন্ন কারণে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। তবে অনিয়মিত পরীক্ষার্থীসহ মোট অংশগ্রহণকারী সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
বোর্ডভিত্তিক হিসেবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে—সব কেন্দ্রে সিসিটিভি সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরীক্ষাকক্ষে সিগন্যাল জ্যামার ব্যবহারের ব্যবস্থা।
এছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষক ও পরীক্ষকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের তল্লাশির নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়।

