ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা

menu

শাপলা গণহত্যা মামলা আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:১৫ পিএম

শাপলা গণহত্যা মামলা আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সোমবার (২৭ জুলাই) দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেন কর্মকর্তারা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে তৈরি করা হয়। আগামী ২৭ জুলাই (সোমবার) এটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মাধ্যমে মামলাটি বিচার শুরুর পরবর্তী ধাপে প্রবেশ করবে।

প্রসিকিউশন জানায়, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জ দাখিলের দিন সবার নাম প্রকাশ করা হবে।

বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

আওয়াজ নিউজ

banner
Link copied!