ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা

menu

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:২২ এএম

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স মাত্র সাড়ে তিন মাস। তার বাড়ি জেলার ত্রিশাল উপজেলায়। গত ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল শনিবার বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে আজ রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৮৫৬ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ শিশু। এই সময়ে নতুন ভর্তি হয়েছে ২৮ জন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।’

আওয়াজ নিউজ

banner
Link copied!