ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাংকটির গ্রাহকরা। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা জানান, এর আগে টানা ৯ম দিন মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও নবম দিনে এসে তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
বিশেষভাবে নজর কাড়ে নারী গ্রাহকদের উপস্থিতি। আগের কর্মসূচিগুলোতে মূলত পুরুষ গ্রাহকদের অংশগ্রহণ দেখা গেলেও এবার শতাধিক নারী গ্রাহক অবস্থান কর্মসূচিতে যোগ দেন। তারা বলেন, চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এমন একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া নারী গ্রাহকদের দাবি, তাদের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে খুরশিদ আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং পেশাদার ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, গত ৫ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুকের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল। তাই তাকে পুনর্বহাল বা পুনঃনিয়োগের দাবিও জানান তারা।
বিক্ষোভকারীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান।
অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল বলে জানা গেছে।

