বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে নিবন্ধিত ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিদর্শন শেষ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ–সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়, হিসাবপত্র, রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি ওয়াসো ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালককেও অবহিত করা হয়েছে।
পরিদর্শন কার্যক্রম পরিচালনার জন্য বিএসইসির যুগ্ম পরিচালক অনু দে, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং মো. আশরাফুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো বন্ড, ঋণপত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন রয়েছে কি না, তা যাচাই করা হবে। পরিদর্শনে কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Space for ads
বিএসইসির আদেশ অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্রেডিট রেটিং কোম্পানি) বিধিমালা, ২০২২–এর বিধি ১১ ও ১২–এর ক্ষমতাবলে এ পরিদর্শন পরিচালিত হবে। পরিদর্শনে যাচাই করা হবে, বিধিমালার বিধি ৪(খ) অনুযায়ী ওয়াসো ক্রেডিট রেটিং নিবন্ধন বহাল রাখার যোগ্যতা হারিয়েছে কি না। পাশাপাশি বিএসইসি আইন, ১৯৯৩, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, আচরণবিধি বা নিবন্ধনের কোনো শর্ত লঙ্ঘন হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
এ ছাড়া ২০২৬ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কমিশনের ৯৯৬তম সভার সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন হয়েছে কি না, প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের প্রকৃত চিত্র এবং সিকিউরিটিজ–সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিমালার প্রতিপালনও পর্যালোচনা করবে কমিটি।
বিএসইসির এ উদ্যোগকে বাজারসংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে বন্ড বাজারসহ সামগ্রিক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে।

